নিউ ফরাক্কা স্টেশনে কোটি টাকার মাদক জব্দ, এসটিএফ-এর জালে মহিলা-সহ ২ পাচারকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
ফরাক্কা: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। ব্রহ্মপুত্র মেল স্টেশনে এসে থামতেই এক মহিলা ও তাঁর এক সঙ্গীকে ঘিরে ফেলেন গোয়েন্দারা। তাঁদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১ কেজি উচ্চমানের হেরোইন, খোলা বাজারে যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ কোটি টাকা।
রেল পুলিশের সাহায্য নিয়ে বিকেল ৫টা নাগাদ এই যৌথ অভিযানটি চালানো হয়। ট্রেন থেকে নামার পরপরই ওই দুই সন্দেহভাজনকে আটক করে ব্যাগ পরীক্ষা করতেই এই বিপুল মাদক ধরা পড়ে। ধৃতদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই মাদকচক্রের জাল কতদূর ছড়ানো রয়েছে, মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
