নিউটাউনের গেস্ট হাউসে ১২ ঘণ্টা তল্লাশি, উদ্ধার ২ কোটির বেশি নগদ টাকা! – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
নিউটাউনের বালিগড়ি এলাকার একটি গেস্ট হাউসে দীর্ঘ ১২ ঘণ্টা তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে তিন ট্রলি ভর্তি নগদ টাকা জব্দ করা হয়েছে, যা গুনতে ব্যবহৃত হয় ছয়টি মেশিন। এ ঘটনায় এক নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন ভিনরাজ্যের বাসিন্দা। এছাড়া ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই বিপুল অর্থ হাওয়ালা অথবা সাইবার প্রতারণার মাধ্যমে অর্জিত হতে পারে। জামতাড়া গ্যাংয়ের কায়দায় কোনো কলসেন্টারের আড়ালে এই চক্রটি সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গেস্ট হাউসের মালিক প্রসন্নকুমার রায়ের খোঁজ চলছে। অপরাধের উৎস ও নেটওয়ার্কের গভীরে পৌঁছাতে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ।
