নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করে সুপ্রিম কোর্টে চরম অপমানিত বিচারক – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজের বিচার বিভাগীয় পদমর্যাদার অপব্যবহার করে ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করায় দেশের শীর্ষ আদালতের নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়লেন এক বিচারক। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই ঘটনাকে ‘বিচারিক পদমর্যাদার জঘন্যতম অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ মেটাতে কোনো বিচারক নিজের পদকে হাতিয়ার করতে পারেন না।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৬ জানুয়ারি। ওই বিচারিক আধিকারিক সরাসরি থানায় না গিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, তাঁর ভাই স্বাক্ষর জাল ও ভুয়ো সিল ব্যবহার করে গবেষণাপত্রে জালিয়াতি করেছেন। ম্যাজিস্ট্রেটের সমন জারির পর অভিযুক্ত ভাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট এই ফৌজদারি প্রক্রিয়াকে নীতিবহির্ভূত আখ্যা দিয়ে তা সম্পূর্ণ খারিজ করে দেয় এবং প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দেয়।
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই বিচারক Supreme \titleonly কোর্টে আবেদন করলে সেখানেও চরম তিরস্কারের মুখে পড়েন তিনি। শুনানির সময় বেঞ্চ মন্তব্য করে, “এটি বিচারিক দপ্তরের জঘন্যতম অপব্যবহার, এই বিচারককে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত।” শীর্ষ আদালত সাফ জানায়, জালিয়াতির শিকার হলে সাধারণ নাগরিকের মতো থানায় অভিযোগ জানানোই ছিল সঠিক পদ্ধতি। শেষ পর্যন্ত কোনো আইনি স্বস্তি না পেয়ে ওই বিচারক নিজের আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এই রায় স্পষ্ট করে দিল যে আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি বিচারক নিজেও নন।

