নিট ও এসএসসির পর এবার সিইউইটি, কেন্দ্রীয় পরীক্ষায় চরম গাফিলতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা ‘নিট’ এবং এসএসসি জিডি পরীক্ষার পর এবার কলেজের প্রবেশিকা পরীক্ষা ‘সিইউইটি ইউজি’ (CUET UG)-কে কেন্দ্র করে বড়সড় গাফিলতির অভিযোগ উঠল। শনিবার দেশজুড়ে পরীক্ষা শুরুর একেবারে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির অজুহাতে পরীক্ষা পিছিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় দেশের একাধিক পরীক্ষাকেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
পরীক্ষাকেন্দ্রে চরম ভোগান্তি ও বিক্ষোভ
শনিবার সকাল ৯টা থেকে দেশজুড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত সিইউইটি ইউজি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছেও যান। কিন্তু পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে জানানো হয়, অনলাইন পরীক্ষার কেন্দ্র টিসিএস-এ কিছু বড়সড় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর ফলে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টায় পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার অনুমতি পান। সকালের এই বিপর্যয়ের জেরে দুপুরের শিফটের পরীক্ষাও পিছিয়ে ৩টের পরিবর্তে বিকেল ৪টে থেকে শুরু করার সিদ্ধান্ত নেয় এনটিএ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর পরীক্ষা পিছিয়ে যাওয়ার খবর আসতেই দেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। একাধিক কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বারবার কেন এমন বিপর্যয়
সর্বভারতীয় পরীক্ষাগুলোতে একের পর এক এমন বড়সড় বিপর্যয় কেন ঘটছে, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। কয়েক দিন আগেই প্রশ্নফাঁসের জেরে বাতিলের মুখে পড়েছে নিট পরীক্ষা। এরপর এসএসসি জিডি পরীক্ষা নিয়েও আসন সংখ্যার তুলনায় বেশি অ্যাডমিট কার্ড দেওয়া, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা চলাকালীন সিস্টেম ক্র্যাশ ও হ্যাক হওয়ার মতো একাধিক অভিযোগ সামনে আসে। এবার সিইউইটি ইউজি পরীক্ষাতেও একই ধরনের প্রযুক্তিগত অব্যবস্থাপনা প্রকাশ পেল।
এই ধারাবাহিক গাফিলতির জেরে লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ ও মানসিক পরিস্থিতি চরম ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি, সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিয়ামক সংস্থাগুলোর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় সংকট তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলও সরব হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ব্যর্থতার দাবি তুলে বিরোধীরা সরব হলেও, এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো সদুত্তর মেলেনি।
Students are protesting against the CUET Exam #CUET #NTA#Neet pic.twitter.com/CR3hnFplVN
— Hamid Rashidi (@HamidJMI) May 30, 2026
