নিম্নচাপের বিদায়বেলাতেও দুর্যোগ! পশ্চিমে লাল সতর্কতা, সপ্তাহভর বৃষ্টিতে ভিজবে উত্তরও – এবেলা
এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার কলকাতার কাছ দিয়ে অতিক্রম করে। এর প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর মুষলধারে বৃষ্টি এবং জল-যন্ত্রণার সৃষ্টি হয়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি আজ, মঙ্গলবার দুপুরের মধ্যে ঝাড়খণ্ড ও বিহারের দিকে সরে যাবে। তবে সরার পথেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমছে না। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও অন্যান্য জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুরো সপ্তাহ জুড়ে বর্ষার দাপট বজায় থাকবে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সমতল—উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
