নিয়ম ভেঙে শুক্রবারে বারাসাতের স্কুলে সময়ের আগেই টিফিন, উত্তেজনা ছড়িয়ে পড়তে ঘেরাও প্রধান শিক্ষক! – এবেলা

এবেলা ডেস্কঃ
সরকারি নির্দেশিকা উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগেই টিফিনের ঘণ্টা বাজানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বারাসাতের বাদুর গুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ে। রাজ্যজুড়ে দুপুর ১টার পর টিফিন দেওয়ার প্রশাসনিক নিয়ম থাকলেও, ওই বিদ্যালয়ে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটেই টিফিনের ঘোষণা করা হয়। নিয়মের এই চরম ব্যত্যয় ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের ভুল বার্তা দেওয়ার অভিযোগ তুলে সরব হন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁরা সরাসরি বিদ্যালয়ে হাজির হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং প্রধান শিক্ষক সুব্রত ঘোষের কাছে এই বিশৃঙ্খলার কঠোর জবাবদিহি দাবি জানান।
পরিস্থিতি মোকাবিলায় হস্তক্ষেপ করে ঘটনার সত্যতা স্বীকার করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ঘোষ। তিনি জানান, নির্ধারিত সময়ের আগে টিফিনের এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নিয়মবিরুদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। এর পাশাপাশি সংগঠনের সদস্য সুজন মিস্ত্রির তোলা অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। গোটা ঘটনায় শিক্ষক মহলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্কুলগুলোতে প্রশাসনিক নির্দেশসূচি সঠিকভাবে মেনে চলা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
