লেটেস্ট নিউজ

নিয়োগের দাবিতে রণক্ষেত্র করুণাময়ী বিকাশ ভবন অভিযানে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের তুমুল ধস্তাধস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে দ্রুত নিয়োগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী এলাকা। বৃহস্পতিবার সকালে ১২৪১ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বিকাশ ভবন অভিযানের ডাক দিলে পুলিশি বাধায় রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ।

এদিন সকালে ‘পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’-এর ব্যানার তলে কয়েকশো আন্দোলনকারী করুণাময়ী থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ময়ূখ ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। আন্দোলনকারীরা আচমকা ঘুরে গিয়ে বিকাশ ভবনের মূল গেটে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার মাইকিং করলেও আন্দোলনকারীরা পিছু হঠতে নারাজ ছিলেন।

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের পক্ষ থেকে ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষা দফতর থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। অবিলম্বে কাউন্সেলিং শুরু এবং নিয়োগপত্র প্রদানের দাবিতে তাঁরা রাস্তার ওপর বসেই বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কর্মসংস্থানের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকাশ ভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং উত্তেজনা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *