নিরাপদ জলপথ ছাড়া বিশ্ববাণিজ্য আসাম্ভব! ব্রিকস বিজনেস ফোরামে সরব প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 202610:33 am
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) বিজনেস ফোরামে বিশ্ববাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, সমুদ্রপথ নিরাপদ না থাকলে এবং মুক্ত জাহাজ চলাচল ও নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য স্বাভাবিক রাখা আসাম্ভব।
পশ্চিম এশিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ইরান-আমেরিকা সংঘাত এবং ওমান উপসাগর ও লোহিত সাগরে তেল সরবরাহে বাধার আশঙ্কার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই কড়া বক্তব্য রাখেন। ভারত শুরু থেকেই সামুদ্রিক বাণিজ্য পথের সুরক্ষা এবং নাবিকদের অধিকার রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে।
পুতিনের সঙ্গে বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনা: সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে প্রতিরক্ষা, শক্তি খাত ও মহাকাশ গবেষণার পাশাপাশি কৃষ্ণসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত এবং সেখানে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
বাণিজ্য সহজীকরণে মোদীর বিশেষ প্রস্তাব: ব্রিকস জোটের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব করেন:
- বাণিজ্যিক বাধা দূরীকরণ: সদস্য দেশগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্যের পথ মসৃণ করতে ১০টি প্রধান বাণিজ্যিক বাধা চিহ্নিত করে তা দ্রুত অপসারণের আহ্বান জানান।
- স্টার্টআপ ও অংশীদারিত্ব: প্রতি বছর অন্তত ১০০টি নতুন উদ্যোগকে (Start-ups) বড় হওয়ার সুযোগ দেওয়া এবং সদস্য দেশগুলির মধ্যে বছরে ১,০০০টি নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার ডাক দেন।
- ডিজিটাল অর্থনীতিতে ভারতের সাফল্য: ভারতের অর্থনৈতিক অগ্রগতির ছবি তুলে ধরে তিনি জানান, দেশের মোট ডিজিটাল লেনদেনের প্রায় অর্ধেকই এখন ইউপিআই (UPI)-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে এক যুগান্তকারী উদাহরণ।
