লেটেস্ট নিউজ

নির্ধারিত সংবেদনশীল বুথে বিজেপি নেত্রীর স্বামীই পুলিশ পর্যবেক্ষক! কমিশনের নিরপেক্ষতা নিয়ে মহাযুদ্ধের ডাক তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের নিশানায় মালদহের পুলিশ পর্যবেক্ষক এবং বিজেপি যোগের বিষ্ফোরক অভিযোগ। উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস জয়ন্ত কান্তের স্ত্রীর সঙ্গে বিজেপির সক্রিয় রাজনৈতিক সম্পর্কের ছবি প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন ব্রাত্য বসু এবং পার্থ ভৌমিক। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাত থেকে পতাকা নেওয়ার সেই ছবি দেখিয়ে শাসকদলের প্রশ্ন, পারিবারিক স্তরে এমন ‘পদ্ম-যোগ’ থাকলে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হওয়া কি আদৌ সম্ভব?

নির্বাচন কমিশনকে সরাসরি হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে ব্রাত্য বসুর দাবি, ১৯৩৯ সালের কায়দায় বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন অমিত শাহরা। এমনকি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তৃণমূল সাফ জানিয়েছে, রাতারাতি ৭৩ জন রিটার্নিং অফিসার বদল এবং পক্ষপাতদুষ্ট আচরণের হিসাব ৪ মে-র পর কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে।

তৃণমূলের এই আক্রমণের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আইপিএস অফিসারের স্ত্রীর রাজনৈতিক পরিচয় কি তবে বাংলার ভোটের সমীকরণ বদলে দেবে? মহাকালের খাতায় হিসাব রাখার হুঁশিয়ারি দিয়ে কার্যত কমিশনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *