নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ সায়ন্তিকার, ডিজে বাজবে ভোট বাক্সে
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপি ও কমিশনের আঁতাত রয়েছে বলে সরব হয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার বরানগরের ১০ নম্বর ওয়ার্ডে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে কটাক্ষ করেন। সায়ন্তিকার দাবি, বিরোধীদের ষড়যন্ত্রের জবাব বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই দেবে এবং নির্বাচনের সময় ভোট বাক্সে ‘ডিজে’ বাজিয়ে এর পাল্টা নিদান দেবে তৃণমূলের সমর্থকরা।
এদিন নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন তারকা বিধায়ক। তিনি জানান, বিধায়ক হওয়ার পর রাজ্য সরকারের থেকে সাত কোটি টাকা বরাদ্দ করিয়ে প্রতিটি ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। কিন্তু বিরোধীরা এই উন্নয়ন দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করে তিনি জানান, উন্নয়নমূলক কাজ যাতে সবার নজরে পড়ে, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদের বিঁধে সায়ন্তিকা এক অভিনব প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধীদের চোখে ছানি পড়েছে বলেই তাঁরা এলাকায় কোনো কাজ দেখতে পাচ্ছেন না। তাই ২০২৬ সালের নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘ছানিশ্রী’ প্রকল্প চালুর আবেদন জানাবেন তিনি, যাতে বিরোধীরা সেই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করিয়ে এলাকার প্রকৃত উন্নয়ন দেখার সুযোগ পান। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

