নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব তৃণমূল, পুলিশ পর্যবেক্ষকের পারিবারিক যোগ নিয়ে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে ‘যোগসাজশ’-এর অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও পার্থ ভৌমিক দাবি করেন, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কমিশন বাংলার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। তাঁদের অভিযোগ, উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস জয়ন্ত কান্তকে মালদহের সংবেদনশীল এলাকায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যাঁর স্ত্রী বিহারে বিজেপির একজন সক্রিয় নেত্রী।
ব্রাত্য বসু একটি ছবি প্রদর্শন করে দাবি করেন, সংশ্লিষ্ট আধিকারিকের স্ত্রী সম্প্রতি বিহারের উপ-মুখ্যমন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা নিয়েছেন এবং আগামীতে বিজেপির টিকিটে লড়ার সম্ভাবনা রয়েছে। এমন পারিবারিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও তাঁকে পর্যবেক্ষক নিয়োগ করায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। মন্ত্রীর মতে, এই পদক্ষেপ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় এবং এটি পরিকল্পিতভাবে বিরোধীদের কন্ঠরোধ করার একটি অপচেষ্টা মাত্র।
এদিন প্রশাসনিক রদবদল নিয়েও ক্ষোভ উগড়ে দেয় ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই রাতারাতি ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলে দেওয়া হয়েছে। এই পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা জানিয়ে ব্রাত্য বসু হুঁশিয়ারি দেন যে, কমিশনের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখা হচ্ছে। ৪ মে-র পর দেশজুড়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু হবে বলে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

