লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত: স্বপদেই বহাল থাকছেন বিধাননগর ও শিলিগুড়ির সিপি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রদবদলের পর নিজেদের সিদ্ধান্ত সংশোধন করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দুই আইপিএস অফিসার মুরলিধর শর্মা এবং ওয়াকার রাজাকে অন্য রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সেই বদলি স্থগিত রাখা হচ্ছে। ফলে পূর্বের নির্দেশ বাতিল করে তাঁদের বর্তমান পদেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, মুরলিধর শর্মা বিধাননগরের পুলিশ কমিশনার এবং ওয়াকার রাজা শিলিগুড়ির পুলিশ কমিশনার হিসেবেই তাঁদের দায়িত্ব সামলাবেন। এর আগে ভোট ঘোষণার পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়েছিল কমিশন। যার মধ্যে ১২ জন পুলিশ সুপার ও ৫ জন পুলিশ কমিশনারকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই অফিসারদের অধিকাংশকেই কেরল, তামিলনাড়ু ও আসামের মতো ভিন রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর পরিকল্পনা ছিল।

নির্বাচন কমিশনের এই আকস্মিক সিদ্ধান্ত বদল প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, নবান্নের আস্থাভাজন একাধিক সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসারকে নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের বাইরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল দিল্লি। তবে বিধাননগর ও শিলিগুড়ির দুই পুলিশ কমিশনারের ক্ষেত্রে শেষ মুহূর্তে এই স্থগিতাদেশ তাঁদের নিজ জেলাতেই নির্বাচনী দায়িত্ব পালনের পথ প্রশস্ত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *