নির্বাচন ঘোষণা হতেই তৎপর বিজেপি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ও রণকৌশল চূড়ান্ত করতে তৎপরতা বাড়াল বিজেপি। রবিবার নিউ টাউনের একটি হোটেলে দলের শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে প্রায় চার ঘণ্টা ধরে এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারসহ দলের অন্যান্য উচ্চপদস্থ নেতারা।
সূত্রের খবর, ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৫৫টি আসনের প্রার্থী নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ১৩৯টি আসনের নাম দ্রুত চূড়ান্ত করতে এই বৈঠকে বিস্তারিত আলোচনা চলে। সাম্প্রতিক ‘পরিবর্তন যাত্রা’ ও ব্রিগেড সমাবেশের সাফল্যকে হাতিয়ার করে বিজেপি নেতৃত্ব এখন ভোটযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিতে মনোনিবেশ করছে। রবিবারের এই আলোচনার রেশ ধরেই সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের দিল্লি যাওয়ার কথা রয়েছে।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং আগামী ৪ মে ফলাফল ঘোষিত হবে। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। এই সময়সীমার কথা মাথায় রেখেই দিল্লি ও রাজ্য স্তরের নেতারা নিজেদের মধ্যে সমন্বয় সাধন করছেন। বাকি আসনগুলোর জট কাটাতে শীঘ্রই কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে ফের আলোচনার সম্ভাবনা রয়েছে।

