লেটেস্ট নিউজ

নির্বাচনী প্রচারে মমতার ‘হাতা-খুন্তি’ নিদান, রাজ্যের কাছে রিপোর্ট তলব কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। মাটিগাড়া-নকশালবাড়ির জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা এবং প্রশাসনিক রদবদল নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই সভাতেই মা-বোনেদের উদ্দেশে হাতা-খুন্তি নিয়ে বুথ পাহারা দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

কমিশন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভোটের দিন বহিরাগতদের রুখতে রান্নাঘরের সরঞ্জাম নিয়ে বেরিয়ে আসার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা প্ররোচনামূলক কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে সিইও দফতরকে। দ্রুত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিল্লি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও বিভিন্ন জেলায় অশান্তির খবর মিলছে। বাসন্তীতে পুলিশ নিগ্রহের ঘটনায় ইতিমধ্য়েই আইসি-কে সাসপেন্ড করেছে কমিশন। এই উত্তপ্ত আবহে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কমিশন স্পষ্ট করেছে যে, নির্বাচনের পবিত্রতা বজায় রাখতে যেকোনো প্রকার উসকানিমূলক বার্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *