লেটেস্ট নিউজ

নির্বাচনী লড়াইয়ে মিম-হুমায়ুন জোট, তৃণমূলকে রুখতে ১৯২ আসনে প্রার্থী ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জোট বাঁধলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। বুধবার কলকাতায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ‘হুইসল’ জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর সঙ্গে আলোচনা সফল না হওয়ায় শেষ পর্যন্ত অভিজ্ঞ নেতা হুমায়ুন কবীরের হাত ধরেছেন ওয়েইসি। এই জোটের মূল লক্ষ্য রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাংককে সংগবদ্ধ করা এবং তৃণমূল কংগ্রেসের আধিপত্যে ফাটল ধরানো।

নির্বাচনী রণকৌশল হিসেবে আজ বিকেলেই ১৯০ থেকে ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছেন জোট নেতারা। আগামী ১ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুর থেকে প্রচার অভিযান শুরু হবে, যেখানে খোদ ওয়েইসি উপস্থিত থাকবেন। রাজ্যে অন্তত ২০টি জনসভা করার পরিকল্পনা রয়েছে মিম প্রধানের। হুমায়ুন কবীর এই জোটকে দীর্ঘমেয়াদী উল্লেখ করে জানান, ২০২৬-এর এই সমীকরণ আগামী লোকসভা নির্বাচনেও বজায় থাকবে। মুসলিম উন্নয়ন ও কর্মসংস্থানের অভাবকে ইস্যু করেই ময়দানে নামছে এই নয়া ফ্রন্ট।

পাল্টা আক্রমণে আসাউদ্দিন ওয়েইসি তৃণমূলের ‘বিজেপির বি টিম’ কটাক্ষকে খারিজ করে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে ৩০ শতাংশ মুসলিম জনবসতি থাকলেও সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব নগণ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, সংখ্যালঘুদের কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেও, ওয়েইসি স্পষ্ট করেছেন যে তাদের প্রধান লক্ষ্য তৃণমূলকে রাজনৈতিকভাবে ছত্রভঙ্গ করা এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *