লেটেস্ট নিউজ

নির্বাচনী লড়াইয়ের আগে বড় পদক্ষেপ, একযোগে ২৩টি সরকারি পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক দায়ভার ঝেড়ে ফেলে পুরোদস্তুর প্রচারের ময়দানে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সূত্রে জানানো হয়েছে, তিনি একযোগে ২৩টি গুরুত্বপূর্ণ সরকারি পদ ও বিভিন্ন কমিটির শীর্ষস্থান থেকে ইস্তফা দিয়েছেন। স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত পদত্যাগপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে। ভবানীপুর কেন্দ্রে হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

পদত্যাগের তালিকায় রাজ্য স্বাস্থ্য মিশন, বন্যপ্রাণী বোর্ড, ইকো-ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড এবং পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির মতো গুরুত্বপূর্ণ পর্ষদ রয়েছে। এছাড়াও তিনি শিল্প বিনিয়োগ নিগম, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং তফশিলি জাতি-উপজাতি উপদেষ্টা পরিষদের শীর্ষ পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। বুধবার বিকেলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ‘অফিস অফ প্রফিট’ সংক্রান্ত আইনি জটিলতা বা বিতর্ক এড়াতেই এই আগাম সতর্কতা অবলম্বন করেছেন তৃণমূল নেত্রী। আপাতত প্রশাসনিক পদমর্যাদা সরিয়ে রেখে তিনি একনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারেই মনোনিবেশ করতে চাইছেন। কোনোপ্রকার আইনি বাধার অবকাশ না রেখে কোমর বেঁধে ভোট ময়দানে নামাই এখন তাঁর লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *