লেটেস্ট নিউজ

নির্বাচনে কঠোর কমিশন: ৮ ঘণ্টায় অভিযোগ নিষ্পত্তি ও প্রয়োজনে পুনর্নির্বাচনের হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভোটারদের ভয় দেখালে বা বুথে আসতে বাধা দিলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনর্নির্বাচন বা ‘রিপোল’ নেওয়া হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার রাত থেকেই রাজ্যে কয়েকশো সাধারণ, পুলিশ ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে। প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে গিরীশ পার্কের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের আসাম্পূর্ণ রিপোর্টেও অসন্তোষ প্রকাশ করেছে কমিশন।

অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ ‘কমপ্লেন রিড্রেসাল সেল’ গঠন করা হয়েছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, টোল-ফ্রি নম্বর ১৯৫০-এ প্রাপ্ত যেকোনো অভিযোগের সমাধান সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে করা হবে। এই প্রক্রিয়ায় গতি আনতে নবান্নের কাছে অতিরিক্ত আধিকারিক চেয়ে পাঠানো হয়েছে। বর্তমানে ৯ জন আধিকারিক ও ৬ জন মাইক্রো অবজার্ভার এই দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা বিভিন্ন অভিযোগও খতিয়ে দেখছে নির্বাচন সদন।

আগামী শুক্রবার নির্বাচনের প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এতে নাম সংযোজন ও বিয়োজন সংক্রান্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে। এই তালিকায় শশী পাঁজার মতো প্রার্থীদের নাম সংক্রান্ত জটিলতাও মিটে যাচ্ছে। প্রথম দফার ভোটের আগে আইনশৃঙ্খলার গ্রাউন্ড রিপোর্ট যাচাই করতে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা সফরে বেরোচ্ছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট দানে কমিশন যে কোনো আপস করবে না, তা এই তৎপরতায় স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *