নির্বাচনে বড়সড় রদবদল! বাংলায় ভোটার তালিকা থেকে কি বাদ যাচ্ছে ৯০ লক্ষ নাম?

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য থেকে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। তবে সংশোধনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিপুল সংখ্যক ভোটারের নাম কাটা পড়ায় এই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। খসড়া তালিকা থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে কয়েক লক্ষ ভোটারের নাম ইতিমধ্য়েই বাদ দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, খসড়া তালিকায় প্রথমেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও ৫ লক্ষ ৪৬ হাজার নাম বাদ যায়। বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪.৫ লক্ষ। এছাড়া প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, যার মধ্যে বড় অংশের নিষ্পত্তি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান প্রবণতা বজায় থাকলে চূড়ান্ত পর্যায়ে ভোটার সংখ্যা কমে ৬ কোটি ৭৬ লক্ষে দাঁড়াতে পারে। অর্থাৎ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় ৮৪ লক্ষ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ৫৮ লক্ষ ভোটার কমতে পারে রাজ্যে।
এই বিশাল সংখ্যক নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সঠিক পদ্ধতিতে যাচাই হলে এক কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত। তিনি অনুপ্রবেশের বিষয়টিকে এর পেছনে মূল কারণ হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেখানে তৃণমূলের শক্তি বেশি, সেখানে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সংক্ষুব্ধ ব্যক্তিরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকেই এই ট্রাইব্যুনাল তাদের কাজ শুরু করতে পারে।
