লেটেস্ট নিউজ

নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

আসন্ন নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল রাজ্য বিজেপি। পদ্ম শিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পেশায় কৃষক এবং ‘মাটির মানুষ’ হিসেবে পরিচিত বিষ্ণুপ্রসাদকে স্বাগত জানিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, তিনি সঠিক অর্থেই ‘মা-মাটি-মানুষ’-এর দলে সামিল হয়েছেন।

বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে বিষ্ণুপ্রসাদ জানান, পাহাড়ের মানুষের স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। দীর্ঘ ১৭ বছর ধরে গোর্খা জনগণকে অন্ধকারে রাখা হয়েছে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি পাহাড়ের মানুষের সঙ্গে ‘জুমলা’ রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সমর্থন জানিয়ে তিনি তৃণমূলের উন্নয়নের শরিক হতে চান।

২০২১ সালে কার্শিয়াং থেকে বিজেপির টিকিটে জয়ী বিষ্ণুপ্রসাদ শর্মা অতীতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলেছিলেন। দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল এবং বিধানসভাতেও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এদিন তিনি স্পষ্ট করেন যে, কোনো টিকিটের লোভে নয়, বরং আদর্শের খাতিরেই তিনি দলবদল করেছেন। তাঁর এই যোগদান উত্তরবঙ্গের পাহাড়ে তৃণমূলের জমি আরও শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *