নির্বাচনের আগে শেষ বাজেট পেশের প্রস্তুতি বিধানসভায়, দিনক্ষণ ঘোষণা করল রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। ২ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। ওই দিন দুপুর ২টো ৪৫ মিনিটে বিধানসভায় মন্ত্রিসভার একটি বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিই বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ আর্থিক পরিকল্পনা পেশের সুযোগ, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকার গঠিত হলে পুনরায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তবে তার আগে এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার জনকল্যাণে কী কী নতুন ঘোষণা করে, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। প্রশাসনিক সূত্রে খবর, বাজেট অধিবেশনকে ঘিরে বিধানসভার নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আবহে এই বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

