নেইমারকে দল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ রোনাল্ডিনহো, কোচের সিদ্ধান্তে তীব্র বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্রাজিলীয় ফুটবলের প্রবাদপ্রতিম তারকা রোনাল্ডিনহো গাউচো জাতীয় দল থেকে নেইমারের বাদ পড়া নিয়ে কোচ কার্লো আনচেলত্তির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আসন্ন প্রীতি ম্যাচগুলোর দল থেকে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, নেইমার এক পায়ে খেললেও দলের অন্য অনেক ফুটবলারের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম। এই কিংবদন্তি খেলোয়াড়ের মতে, বিশ্বকাপের দলেও নেইমারকে রাখা অপরিহার্য।
এদিকে নেইমারের দলছুট হওয়া নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে নানা জল্পনা। চোট কাটিয়ে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও শারীরিক ক্লান্তি ও ইনজুরির আশঙ্কায় বোর্ড তাঁকে নিয়ে বড় ঝুঁকি নিতে চাইছে না বলে জানা গেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, মেসি ও রোনালদোর মতো নেইমারের জন্যও এটি শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা থাকলেও, কোচের বর্তমান মনোভাবে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
বিতর্কের মূলে রয়েছে নেইমারের সাম্প্রতিক আচরণ ও পেশাদারিত্বের অভাব। কোচ আনচেলত্তি বিশেষ সফরে তাঁর খেলা দেখতে গেলেও নেইমার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর কারণ দেখিয়ে মাঠে নামেননি, এমনকি কোচের সাথে সৌজন্য সাক্ষাৎটুকুও করেননি। সিবিএফ কর্তাদের একাংশ মনে করছেন, জাতীয় দলের প্রতি নেইমারের সেই পূর্বের নিবেদন আর অবশিষ্ট নেই, যা তাঁকে দল থেকে দূরে ঠেলে দিচ্ছে।

