নেপালে রাজনৈতিক ভূমিকম্প: গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্ষমতা হস্তান্তরের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নাটকীয় মোড় নিল নেপালের রাজনীতি। গত সেপ্টেম্বর মাসে দুর্নীতিবিরোধী ‘জেন-জি’ আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওলির পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার নেপাল পুলিশের মুখপাত্র ওম অধিকারী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এই হাই-প্রোফাইল গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন।
তদন্তকারী কমিশন তাদের রিপোর্টে গত সেপ্টেম্বরের বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর অমানবিক ও অনিয়ন্ত্রিত বলপ্রয়োগের জন্য সরাসরি ওলি ও লেখককে দায়ী করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ নেওয়ার ঠিক একদিন পরেই এই কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ন্যায়বিচারের শুরু। গত ৮ সেপ্টেম্বরের ঘটনায় তাদের বিরুদ্ধে খুনের মামলা চালানো হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বালেন শাহের সরকার ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ইঙ্গিত দিচ্ছে। ওলির মতো প্রভাবশালী নেতার গ্রেফতারি হিমালয় ঘেরা এই দেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। তদন্ত রিপোর্ট জমা পড়ার দুই সপ্তাহের মাথায় এই অভিযান সম্পন্ন হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নন—এই বার্তা দিয়েই নতুন সরকার তাদের যাত্রা শুরু করল।

