পকেটে ছাঁট, হেঁশেলে আগুন: সেপ্টেম্বর থেকেই দাম বাড়ছে তেল, সাবান ও বিস্কুটের! – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের দিন ঘনিয়ে আসার আগেই সাধারণ মানুষের হেঁশেলে পড়তে চলেছে বড়সড় টান। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন— ভোজ্য তেল, সাবান, বিস্কুট এমনকি পাউরুটির দামও একলাফে অনেকটাই বাড়তে পারে। দেশের শীর্ষস্থানীয় ‘এফএমসিজি’ (FMCG) সংস্থাগুলি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে।
কেন বাড়ছে জিনিসপত্রের দাম? রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে কাঁচা মালের মূল্যবৃদ্ধি, ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদনের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়া জলবায়ুর খামখেয়ালিপনা বা ‘এল নিনো’-র সম্ভাব্য প্রভাব নিয়েও চিন্তায় রয়েছে প্রস্তুতকারক সংস্থাগুলি। নিজেদের লাভের অঙ্ক বা ‘প্রফিট মার্জিন’ বজায় রাখতে ব্রিটানিয়া (Britannia), হিন্দুস্তান ইউনিলিভার (HUL), ডাবর (Dabur) এবং গোদরেজ (GCPL)-এর মতো বড় কো ম্পা নিগুলি গ্রাহকদের ওপর এই বাড়তি খরচের বোঝা চাপাতে বাধ্য হচ্ছে।
কোন কোন পণ্যে কত দাম বাড়তে পারে?
- ব্রিটানিয়া বিস্কুট: ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের সিইও রক্ষিত হরগাভে জানিয়েছেন, চিনি ও পাম তেলের মতো মূল কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। তাই মূলত ৫ টাকা ও ১০ টাকার বিস্কুটের প্যাকেটে প্রায় ১.৫% থেকে ২% পর্যন্ত দাম বাড়তে পারে।
- গোদরেজ কনজিউমার প্রোডাক্টস (GCPL): গত জুন ত্রৈমাসিকেই কো ম্পা নিটি গড়ে প্রায় ৫% দাম বাড়িয়েছিল। সেপ্টেম্বর ত্রৈমাসিকেও সাবান ও অন্যান্য পণ্যে নতুন করে মূল্যবৃদ্ধির ইঙ্গিত রয়েছে, যদিও বাজার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
- ডাবর ইন্ডিয়া: কাঁচামালের অত্যধিক ব্যয়ের কারণে ডাবরও তাদের বেশ কিছু পণ্যের ওপর মুদ্রাস্ফীতির চাপ বাড়াতে চলেছে।
সব মিলিয়ে, আগামী সেপ্টেম্বর মাস থেকে মাসের খরচের বাজেট যে আরও বেশ কিছুটা বাড়তে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
