পকেটে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে মালদার দুই যুবক, এসএসসি গ্রুপ সি পরীক্ষায় তুলকালাম – এবেলা
এবেলা ডেস্কঃ
বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে এসএসসি (SSC) গ্রুপ সি নিয়োগ পরীক্ষায় বসতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল মালদার দুই পরীক্ষার্থী। কড়া নিরাপত্তা এবং মেটাল ডিটেক্টরের নজরদারি এড়িয়ে কীভাবে তারা পরীক্ষাকেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে ঢুকে পড়ল, তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
রবিবার পরীক্ষা চলাকালীন বিষ্ণুপুর রামানন্দ কলেজের ওই দুই পরীক্ষার্থীর গতিবিধি দেখে সন্দেহ হয় পরিদর্শকদের। এরপরই তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে, ধৃত দুই পরীক্ষার্থীর বাড়ি মালদা জেলায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যায়।
এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ প্রশাসনের আধিকারিকরা। নোডাল অবজারভার অরুণাভ বন্দ্যোপাধ্যায় এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নিছক টুকলি নয়, বরং এই নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যেই সম্ভবত ওই দুই পরীক্ষার্থী এমন কাণ্ড ঘটিয়েছেন।”
নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কোন ফাঁক দিয়ে তারা যন্ত্র নিয়ে হলে ঢুকল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার পর রাজ্যের অন্যান্য পরীক্ষাকেন্দ্রগুলোতেও নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

