পঞ্চমী নাকি ষষ্ঠী? পুজোর উপহার হিসেবে কবে অ্যাকাউন্টে ঢুকছে ৩৮% DA, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ
শারদোৎসবের আবহেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পুজোর ছুটির আগেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে পুজোর মাসের অগ্রিম বেতন এবং পেনশন। এর পাশাপাশি কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার ব্যবধান কমাতে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পূর্বে ঘোষিত ১৮ শতাংশ এবং বর্তমানের নতুন ২০ শতাংশ মিলিয়ে চলতি অক্টোবর মাসে মোট ৩৮ শতাংশ হারে বর্ধিত ডিএ পাবেন সকল সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
বহু দিন ধরে এই বকেয়া ডিএ এবং পুলিশের এরিয়ার সংক্রান্ত জটিলতা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ও ধোঁয়াশা থাকলেও তা পুরোপুরি মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ১৫ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকেই রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে। ছুটির প্রথম দিন ১৫ অক্টোবরের মধ্যেই সমস্ত সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম বেতনসহ ৩৮ শতাংশ হারে ডিএ জমা হয়ে যাবে। পুজো শুরু হওয়ার ঠিক আগের দিন অর্থ হাতে পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া কর্মী মহলে।
