পঞ্চমীর সকালে রহস্যমৃত্যু! শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে তরুণী ব্যাঙ্কারের মর্মান্তিক পরিণতিতে ঘনাচ্ছে ধোঁয়াশা – এবেলা

এবেলা ডেস্কঃ
খাস কলকাতার বুকে পঞ্চমীর সকালেই এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বেনিয়াপুকুর থানা এলাকার শেক্সপিয়র সরণির একটি বহুতলের নিচ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এদিন সকালেও তিনি নিয়মিত অফিসে এসেছিলেন। কিন্তু হুট করে কীভাবে তিনি ওই বহুতল থেকে নিচে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যে বহুতলের নিচ থেকে ওই কর্মীর দেহ উদ্ধার হয়েছে, সেখানে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। উৎসবের আবহে এমন আকস্মিক ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনাস্থলে ফরেন্সিক দলও তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি নিছক আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে সহকর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত ওই মহিলার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি, তবে ঘটনার নেপথ্য সত্য উদ্ঘাটনে জোরদার তদন্ত শুরু হয়েছে।
