পটাশপুরে কৃষি ও সেচ সমস্যাকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। পূর্ব মেদিনীপুরের কৃষিপ্রধান অঞ্চল পটাশপুরে তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পড়া উন্নয়ন ও কৃষকদের সমস্যার সমাধানকে মূল হাতিয়ার করে প্রচারে নেমেছেন। কেলেঘাই ও কপালেশ্বরী নদী সংলগ্ন এই এলাকায় সেচ সমস্যার স্থায়ী সমাধান এবং বৃষ্টির জল সংরক্ষণের জন্য খাল সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন শাসক দলের এই প্রার্থী।
ঐতিহ্যবাহী ‘ইনসাহেব’ আম এবং ধান-মৎস্য চাষের জন্য পরিচিত পটাশপুরে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে বলে জানান তৃণমূল প্রার্থী। ইতিপূর্বে কেলেঘাই নদী সংস্কারের ফলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কৃষিকাজে জলের অভাব এখনও স্থানীয় চাষিদের বড় দুশ্চিন্তার কারণ। সেই সংকট মোচনেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির।
পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। পদ্ম শিবিরের প্রার্থী তপন মাইতির দাবি, নির্বাচন এলেই শাসক দল কেবল প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে পটাশপুরের কৃষি ও পরিকাঠামোর সার্বিক উন্নয়নই হবে তাঁদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে কৃষি-নির্ভর এই জনপদে সেচ ও অনুন্নয়নকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।

