লেটেস্ট নিউজ

পণের দাবিতে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা, বারাসতে গ্রেপ্তার স্বামীসহ ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে পণের দাবিতে এক গৃহবধূর ওপর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠল। মারধরের পর নাসরিন খাতুন নামে ওই তরুণীর মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো নৃশংস ঘটনাটি ঘটেছে ভাগ্যবন্তপুর এলাকায়। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী আলমগীর হোসেন, শ্বশুর আক্কাস আলি এবং শাশুড়ি আম্বিয়া বিবিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে আদালত স্বামী ও শাশুড়িকে পাঁচ দিনের পুলিশি হেফাজত এবং শ্বশুরকে জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তরা এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলে চালানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গিয়েছে, বছরখানেক আগে বিয়ের পর থেকেই পণের দাবিতে নাসরিনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। সোমবার বিকেলে সেই অত্যাচার চরমে পৌঁছালে তাঁর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাপের বাড়ির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *