লেটেস্ট নিউজ

পয়লা বৈশাখের আগে মিষ্টির দামে ঝড়? LPG সঙ্কটে কতটা বাড়বে দাম! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলের মিষ্টির দোকানগুলিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, যে সিলিন্ডারের দাম আগে ১,৬৫০ থেকে ১,৭০০ টাকা ছিল, বর্তমানে তা প্রায় ৫,০০০ টাকায় পৌঁছেছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি অনিয়মিত সরবরাহের কারণে উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই শহরতলির অনেক দোকানে মিষ্টির দাম বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি সংকটের মোকাবিলায় অনেক বড় প্রতিষ্ঠান লক্ষাধিক টাকা বিনিয়োগ করে ইন্ডাকশন বা ডিজেল চালিত চুল্লির মতো বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে। তবে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এই বিপুল খরচ বহন করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। বেলঘরিয়ার এক বিক্রেতার মতে, বিকল্প জ্বালানিতে স্থানান্তরিত হওয়া সহজ নয়, তাই উৎপাদন বজায় রাখতে দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় অবশিষ্ট থাকছে না। অনেক দোকানেই মিষ্টির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সামনে পয়লা বৈশাখ থাকায় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এখনই দাম না বাড়ানোর চেষ্টা করছেন কিছু মালিক। তবে প্রায় ৬,৫০০ কোটি টাকার এই বিশাল মিষ্টি শিল্পের সঙ্গে যুক্ত ১০ লক্ষ মানুষের জীবিকা এখন অনিশ্চয়তার মুখে। এলপিজি সংকট দীর্ঘস্থায়ী হলে এই ঐতিহ্যবাহী কুটির শিল্পে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। বর্তমানে বিকল্প পথ খুঁজে উৎপাদন সচল রাখাই ব্যবসায়ীদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *