পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার কঙ্কালসার দেহ: লবণের স্তূপে কি লুকানোর চেষ্টা করছিলেন স্বামী? – এবেলা
এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের ইস্পাত কারখানার আয়া ছবি দাসের (৫৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ডি-সেক্টর মার্কেটের কাছের এক পরিত্যক্ত আবাসন থেকে তাঁর কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। নিঃসন্তান এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে বিবাদ চলছিল বলে স্থানীয়দের দাবি। বেশ কয়েক দিন নিখোঁজ থাকার পর দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেহটি দেখতে পান।
পুলিশ জানায়, মৃতদেহের পচন ও দুর্গন্ধ আড়াল করতে লাশের ওপর প্রচুর পরিমাণে লবণ ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই পৈশাচিক নৃশংসতার অভিযোগে মৃতার স্বামী, পেশায় ঠিকাশ্রমিক প্রদীপ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও খুনের উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

