“পরীক্ষায় ১০-এ ৯ না পেলে চেয়ে নেব ক্ষমা”, পুরুলিয়া থেকে রাজ্যবাসীকে বড় বার্তা শুভেন্দুর – এবেলা

“পরীক্ষায় ১০-এ ৯ না পেলে চেয়ে নেব ক্ষমা”, পুরুলিয়া থেকে রাজ্যবাসীকে বড় বার্তা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়া: রাজ্যের দায়িত্বভার সামলানোর এক বছর পূর্তির মুখেই নিজের কাজের মূল্যায়নে ‘জনতার আদালতে’ যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরুলিয়ার মানবাজারে ১১৭৩ কোটি টাকার একটি বৃহৎ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করতে এসে তিনি বলেন, “আগামী ৯ মে আমার দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হচ্ছে। সেদিন আমি আপনাদের সামনে পরীক্ষায় বসব। ১০-এর মধ্যে অন্তত ৯ নম্বর না পেলে সানন্দে ক্ষমা চেয়ে নেব। তবে আমার পূর্ণ বিশ্বাস, আপনারাই বলবেন যোগ্য ব্যক্তির হাতেই রাজ্য পরিচালনার ব্যাটন তুলে দেওয়া হয়েছিল।”

জাজল সংস্থা ‘জাইকা’ (JICA)-র আর্থিক ও প্রযুক্তিগত সাহায্যে তৈরি এই পানীয় জল প্রকল্পটির মাধ্যমে পুরুলিয়ার ৯টি ব্লকের প্রায় ৮৭,২৭১টি পরিবার প্রতিদিন মাথাপিছু ৭০ লিটার করে বিশুদ্ধ পানীয় জল পাবে। স্বাধীনতার আট দশক পরেও মানবাজারের বাসিন্দারা পানীয় জলের অধিকার থেকে কেন বঞ্চিত ছিলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় অর্থ বরাদ্দের সঠিক ব্যবহার না করে দুর্নীতি করার ফলেই এতদিন মানুষ জলের সুরাহা পাননি।

এদিনের সভা থেকে পুরুলিয়ার সার্বিক বিকাশে একাধিক বড় ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী:

  • অবকাঠামো উন্নয়ন: জেলায় নতুন বিমানবন্দর নির্মাণের প্রতিশ্রুতি।
  • সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন: কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার এবং কুড়মি বোর্ডের সার্বিক অগ্রগতির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ।
  • শিক্ষা: আদিবাসী শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত গতিতে বিশ্ববিদ্যালয় এবং ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল’ গড়ার কাজ সম্পন্ন করা।

জলপ্রকল্প উদ্বোধনের পাশাপাশি এদিন রঘুনাথপুরে ‘অমিত মেটালিকস’-এর একটি নতুন লৌহ-ইস্পাত কারখানারও সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে জঙ্গলমহলের অদক্ষ শ্রমিকদেরও এখানে কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করা হবে। আগামী দিনে জঙ্গলমহলের প্রতিটি মানুষের কাছে জীবিকার সংস্থান পৌঁছে দেওয়াকেই বর্তমান সরকার মূল লক্ষ্য হিসেবে স্থির করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *