পশ্চিম এশিয়া সংকট ও জ্বালানি নিরাপত্তা: আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে উদ্ভূত সংকট মোকাবিলায় আগামীকাল দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরবেন। বিশেষ করে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা অটুট রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা প্রদান এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে।
দেশজুড়ে বর্তমানে রান্নার গ্যাসের তীব্র সংকট ও জোগানে ঘাটতি দেখা দিয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং অভ্যন্তরীণ বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে বৈঠকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই জরুরি বৈঠকের প্রধান লক্ষ্য।

