পশ্চিম এশিয়ায় যুদ্ধসংকট: রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে টান পড়ায় দেশে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভারতের মোট গ্যাস আমদানির প্রায় ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন বণ্টন নীতি নির্ধারণ করেছে, যেখানে গৃহস্থালির এলপিজি ও পাইপলাইনের গ্যাস সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে দৈনিক ১৯১ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাসের চাহিদার প্রায় অর্ধেকই আমদানিনির্ভর। আমদানিকৃত গ্যাসের জোগান নিশ্চিত করতে বাণিজ্যিক ও শিল্প খাতের বরাদ্দ কমিয়ে জরুরি পরিষেবায় সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন তালিকায় এলপিজি ও সিএনজি-র চাহিদা শতভাগ মেটানোর লক্ষ্য রাখা হলেও সার কারখানা ও অন্যান্য শিল্পক্ষেত্রে সরবরাহে কিছুটা কাটছাঁট করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘গেল’-কে (GAIL) গ্যাস ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তেল শোধনাগারগুলিকে পেট্রোকেমিক্যাল উৎপাদন সাময়িকভাবে স্থগিত রেখে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রক। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং আমদানিকৃত গ্যাসের মজুত ব্যবহারে গৃহস্থালির প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

