পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় মোদী-নাহিয়ান ফোনালাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালীতে নৌ-যান চলাচল স্বাভাবিক রাখতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এই ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধানই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করেন।
সংবাদ সংস্থা সূত্রের খবর, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দুই দেশই সম্মত হয়েছে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এই নিয়ে দ্বিতীয়বার দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা সম্পন্ন হলো।
প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আলোচনার পাশাপাশি তিনি প্রেসিডেন্ট আল নাহিয়ানকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ভারত সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে। ইতিপূর্বে ইরান ও ইজরায়েলসহ সংলগ্ন দেশগুলোর নেতৃত্বের সঙ্গেও প্রধানমন্ত্রী যোগাযোগ রক্ষা করেছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

