লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়ার সংঘাত ও ভারতের অর্থনীতি, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর কৌশলগত রূপরেখা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে ভারতীয় অর্থনীতির ওপর সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় লোকসভায় বিস্তারিত রূপরেখা পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানির উৎস ২৭টি দেশ থেকে বাড়িয়ে ৪১টিতে উন্নীত করা হয়েছে। বর্তমানে দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত রয়েছে এবং পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের মাধ্যমে সাশ্রয় বৃদ্ধি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো কূটনীতির মাধ্যমে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে একটি বিশেষ আন্তঃমন্ত্রক দল গঠন করা হয়েছে, যারা প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে, আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেও দেশীয় কৃষকদের ওপর তার বোঝা চাপানো হয়নি। ভারতের পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে এবং খরিফ মরসুমের প্রস্তুতিও সন্তোষজনক।

বিশ্বজুড়ে জ্বালানি পরিকাঠামো ও বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের একমাত্র সমাধান হলো সংলাপ ও কূটনীতি। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রতিকূল বিশ্ব পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *