পশ্চিমবঙ্গে লস্কর-ই-তৈবার ৪টি সক্রিয় মডিউল: দিল্লি পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য
ভারতে সন্ত্রাস ছড়াতে লস্কর-ই-তৈবা বাংলাদেশের মাটি ব্যবহার করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিশ। ধৃত জঙ্গি উমর ফারুককে জেরা করে জানা গেছে, এ রাজ্যে ৩ থেকে ৪টি জঙ্গি মডিউল সক্রিয় করার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল। বাংলাদেশের মদতে উমর ফারুককে এ দেশে জাল বিস্তারের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাকে প্রয়োজনীয় অর্থও সরবরাহ করা হতো।
তদন্তকারীদের দাবি, মালদহ ও উত্তরবঙ্গের করণদিঘি ছাড়াও নদিয়া ও মুর্শিদাবাদে এই জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। নিউ টাউনকে কেন্দ্র করে অনুপ্রবেশকারীদের ভুয়া পরিচয়পত্র তৈরি ও অস্ত্র সংগ্রহের কাজ চালাচ্ছিল ফারুক। ধৃতের মোবাইলে লস্করের প্রশিক্ষণের ভিডিও পাওয়া গেছে। ছোট অস্ত্র কারবারিদের মাধ্যমে শক্তি সঞ্চয় করে বড় ধরনের নাশকতার ছক ছিল তাদের।
দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, পুরনো স্লিপার সেলগুলোকে পুনরায় সক্রিয় করার লক্ষ্য ছিল ফারুকের। এ রাজ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদের জঙ্গি মডিউলে যুক্ত করার কাজ চলছিল পুরোদমে। বর্তমানে গোয়েন্দারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছেন।

