পাক সেনার কবজা থেকে মুক্তি: কাজে ফিরছেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202611:38 am
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কর্মস্থলে ফিরছেন হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। গত বছরের ২৩ এপ্রিল ভুলবশত সীমান্ত অতিক্রম করায় পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন তিনি। ভারতের প্রবল কূটনৈতিক তৎপরতায় দীর্ঘ ২২ দিন পর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরেন এই জওয়ান। তবে বাড়ি ফেরার আগে তাঁকে কঠোর স্বাস্থ্যপরীক্ষা ও মানসিক স্থিতিশীলতা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিএসএফ বিজ্ঞপ্তি শেয়ার করে পূর্ণমের চাকরিতে পুনর্বহালের খবরটি নিশ্চিত করেছেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। খবরটি প্রকাশ্যে আসতেই রিষড়ার স্থানীয় বাসিন্দা ও জওয়ানের পরিবার-পরিজনদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।
বর্তমানে পূর্ণমকুমার সাউ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ট্রেনে থাকাকালীন সংবাদমাধ্যমকে তিনি জানান যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েই তিনি কাজে যোগ দিতে যাচ্ছেন এবং কর্মস্থলে পৌঁছেই বিস্তারিত তথ্য জানাতে পারবেন। প্রতিকূল পরিস্থিতি জয় করে দেশের সুরক্ষা নিশ্চিত করতে তাঁর এই ফিরে আসা বিএসএফ এবং সাধারণ মানুষের কাছে এক বিশেষ প্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

