পাকিস্তানের বিপক্ষে ফিরছেন শাকিব? বিসিবির সবুজ সংকেতে জোরালো হচ্ছে সম্ভাবনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেটে অবশেষে কাটতে চলেছে ‘শাকিব-জট’। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। বিসিবির সাম্প্রতিক বোর্ড সভায় তাঁকে পুনরায় জাতীয় দলে বিবেচনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সঙ্গে আলোচনার তোড়জোড়
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, শাকিবের দেশে ফেরা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরলে আইনি জটিলতা ও গ্রেফতারের আশঙ্কায় ছিলেন এই প্রাক্তন সাংসদ। তবে বর্তমান বোর্ড শাকিবের ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে তাঁকে দলে ফেরাতে নীতিগতভাবে সম্মত।
শাকিবের লক্ষ্য পাকিস্তান সিরিজ
দীর্ঘদিন দেশের বাইরে থাকা শাকিব নিজেও জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেছেন যে, দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজকেই তিনি পাখির চোখ করছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ২২ গজে দেখা যেতে পারে দেশসেরা এই ক্রিকেটারকে।
বোর্ডের অবস্থান
বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, শাকিবকে জাতীয় দলে নেওয়ার ক্ষেত্রে এখন আর কোনো আনুষ্ঠানিক বাধা নেই। নির্বাচকরা চাইলে তাঁকে দলে ডাকতে পারেন। মূলত রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে শাকিবকে খেলায় ফেরাতে এখন কেবল আইনি নিশ্চয়তার অপেক্ষা।

