পাহাড়ে জোটের জটিলতায় ব্যাকফুটে বিজেপি, প্রার্থী ঘোষণা করে প্রচারে অনীত থাপা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। একদিকে তৃণমূল সমর্থিত অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ইতিমধ্যেই তিন আসনে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। অন্যদিকে, শরিক দলগুলোর টানাপোড়েনে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি গেরুয়া শিবির। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং আসন নিয়ে বিমল গুরুংয়ের মোর্চা, অজয় এডওয়ার্ডের দল এবং জিএনএলএফ-এর মধ্যে রশি টানাটানি চলায় বিপাকে পড়েছে পদ্মশিবির।
পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন পাহাড়ের আঞ্চলিক দলগুলোর প্রতিনিধিরা। কালিম্পং আসনটি গুরুংপন্থীদের ছাড়তে বিজেপি রাজি হলেও, দার্জিলিং আসন নিয়ে বিবাদ মেটেনি। ২০২১ সালে এই আসনে জেতা জিএনএলএফ কোনোভাবেই দাবি ছাড়তে নারাজ। ফলে জোট বজায় রেখে প্রার্থী নির্বাচন করা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪-এর লোকসভা ভোটে লিড থাকলেও, বর্তমান পরিস্থিতিতে বিজেপি সরাসরি লড়বে নাকি বাইরে থেকে সমর্থন দেবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
বিপরীত মেরুতে অনীত থাপার দল উন্নয়নকে হাতিয়ার করে ময়দানে নেমেছে। জিটিএ এবং পুরসভা দখলে থাকায় রাজনৈতিকভাবে তারা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তৃণমূলের পূর্ণ সমর্থন নিয়ে বিজয়কুমার রাই, রুদেন সদা লেপচা এবং অমর লামারা জোরকদমে প্রচার চালাচ্ছেন। অনীত থাপার দাবি, তৃণমূল তাদের স্বতন্ত্রতাকে সম্মান দিলেও বিজেপি শরিকদের গুরুত্ব দিচ্ছে না। পাল্টাপাল্টি এই টানাপোড়েনের মাঝে পাহাড়ের নির্বাচনী বৈতরণী পার হওয়া বিজেপির জন্য এখন কালঘাম ছোটার মতো অবস্থা।

