পিএফ-এর টাকা নিয়ে লঙ্কাকাণ্ড: জলপাইগুড়ি পুরসভার ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি পুরসভার প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা জমা না দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ধরে কর্মীদের পিএফ-এর টাকা জমা দেয়নি পুর কর্তৃপক্ষ।
বকেয়া সুদ এবং জরিমানা মিলিয়ে ঋণের বোঝা আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে—যার বর্তমান পরিমাণ প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা। এই বিশাল অঙ্কের অনিয়ম ও বকেয়ার জেরে কড়া পদক্ষেপ নিয়েছে রিজিওনাল পিএফ দপ্তর। তারা পুরসভার ছয়টি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনদেন বন্ধ করে দিয়েছে।
অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ফলে পুরসভার দৈনন্দিন কাজ পরিচালনা এবং কর্মচারীদের বেতন ও অন্যান্য পাওনা মেটানো নিয়ে চরম প্রশাসনিক সংকটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন কয়েকশ পুরকর্মী।

