পিছিয়ে গেল কলকাতা ডার্বি, ১৭ মে হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মহাযুদ্ধ

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মহারণের দিনক্ষণ পরিবর্তিত হল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩ মে কলকাতা ডার্বি হওয়ার কথা থাকলেও, সেই ম্যাচ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সবুজ-বেগুনি শিবিরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আগামী ১৭ মে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হবে। ম্যাচের ভেন্যু বা সময় অপরিবর্তিত থাকছে, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকেই শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
মূলত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কারণেই এই সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে লিগ কর্তৃপক্ষ। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার কথা। ফল ঘোষণার ঠিক আগের দিন ডার্বির মতো বড় ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা প্রশাসনের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। তাই আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, একই কারণে মোহনবাগানের ২৬ এপ্রিলের ইন্টার কাশী ম্যাচটিও পিছিয়ে ১২ মে করা হয়েছে।
এবারের আইএসএল আয়োজিত হচ্ছে বিশেষ ‘সুইস ফরম্যাটে’, যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে লড়াই করার সুযোগ পাচ্ছে। মরসুমের এই পর্যায়ে লিগ টেবিলের লড়াই বেশ জমে উঠেছে। বর্তমানে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে, ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। খেতাবের দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছেই এই ডার্বি এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
