পুজোর আগেই বড় উপহার! কৃষ্ণনগর-শান্তিপুর রুটে চলাচল করবে একজোড়া নতুন ট্রেন, জানুন সময়সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর আগে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইন রুটের যাত্রীদের জন্য এক দারুণ ঘোষণা করল ভারতীয় রেলের শিয়ালদহ ডিভিশন। নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এবার ভায়া দিগনগর রুটে সকালের দিকে একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে (Trial Basis) এই ট্রেনটি চলাচল শুরু করেছে শিয়ালদহ ডিভিশন।
পুজোর মরশুমে নতুন ট্রেনের চালচিত্র
রেল সূত্রে জানা গেছে, আপ লাইনের ট্রেনটি সকাল ৯:৩৪ মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে সকাল ১০:১১ মিনিটে কৃষ্ণনগর সিটি স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে দিগনগর স্টেশনে ট্রেনটির ১ মিনিটের একটি স্টপেজ রয়েছে।
অন্যদিকে, ফিরতি পথে ডাউন কৃষ্ণনগর সিটি-শান্তিপুর স্পেশাল ইএমইউ লোকাল কৃষ্ণনগর সিটি জংশন থেকে সকাল ১০:২০ মিনিটে ছেড়ে শান্তিপুর স্টেশনে পৌঁছবে সকাল ১০:৫৭ মিনিটে। এই পথেও ট্রেনটি সকাল ১০:৩৭ মিনিটে দিগনগর স্টেশনে ১ মিনিটের জন্য থামবে।
রেলের পরিকল্পনা ও অন্যান্য আপডেট
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম (DRM) রাজীব সাক্সেনা এই বিষয়ে জানান, আগে এই সেকশনে দিনে আপ ও ডাউন মিলিয়ে মাত্র এক জোড়া ট্রেন চলত। তবে যাত্রীসাধারণের সুবিধার কথা মাথায় রেখে আগামী কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে আরও একজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে ট্রেনের সময়সীমা ও পরিষেবা আরও বৃদ্ধি করা হতে পারে।
পাশাপাশি, নিত্যযাত্রীদের উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা দিতে বাদকুল্লা স্টেশনে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ লোকালের নতুন একটি পরীক্ষামূলক স্টপেজও চালু করা হয়েছে।
