পুজোর মুখে নতুন রঙে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ! ‘ভ্রাতৃত্বের-বিশ্বাসের রাস্তা’ বলে কী বার্তা অগ্নিমিত্রার? – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার পুণ্যলগ্নে উৎসবের আমেজে সেজে উঠেছে তিলোত্তমা। ইডেন উদ্যানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনার পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রান্তের মতো এবার নতুন রঙে রঙিন হয়ে উঠেছে দক্ষিণ কলকাতার ব্যস্ততম গড়িয়াহাট ব্রিজ। রাজ্য সরকারের উদ্যোগে এই সেতুতে হলুদ ও লাল রঙের প্রলেপ দেওয়া হয়েছে। এদিন সেতুর রঙের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সশরীরে উপস্থিত হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখান থেকেই সাধারণ মানুষের উদ্দেশে এক বিশেষ বার্তা দেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, নতুন এই রাস্তা আসলে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। সাধারণ মানুষ বিপুল জনসমর্থন দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনে যে ভরসা রেখেছেন, এই সাজ তারই প্রতিফলন। শুধু গড়িয়াহাট ব্রিজই নয়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, গঙ্গার ঘাট এবং পার্ক সার্কাস কানেক্টরের তলায় চোখজুড়ানো আলপনা আঁকা হচ্ছে। পাশাপাশি, আসন্ন দুর্গাপুজোর আগে শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।
