পুজোর মুখে পাহাড়ে বড় ধাক্কা! সমতলের গাড়িতে দর্শনীয় স্থান ঘোরালে মিলবে শাস্তি, বিতর্ক তুঙ্গে – এবেলা

পুজোর মুখে পাহাড়ে বড় ধাক্কা! সমতলের গাড়িতে দর্শনীয় স্থান ঘোরালে মিলবে শাস্তি, বিতর্ক তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১ সেপ্টেম্বর থেকে সমতলের গাড়ি নিয়ে পাহাড়ের দর্শনীয় স্থানগুলোতে পর্যটক ঘোরানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দার্জিলিংয়ের সংযুক্ত চালক মঞ্চ। সংগঠনের দাবি, সমতলের গাড়িগুলো কেবল পর্যটক এনে নামিয়ে দিয়ে চলে যাবে, পাহাড় ঘোরানোর দায়িত্ব স্থানীয় চালকদের। তবে এই ফতোয়া মানতে নারাজ সমতলের চালকরা। বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পালটা দাবি, তাদের কাছে গোটা দার্জিলিং জেলায় গাড়ি চালানোর বৈধ অনুমতি রয়েছে। পাহাড় ও সমতলের সুসম্পর্কের ওপর দীর্ঘকাল ধরে উত্তরবঙ্গের পর্যটন ব্যবস্থা টিকে থাকলেও এই সিদ্ধান্তের ফলে চরম অসন্তোষ তৈরি হয়েছে উভয় পক্ষের মধ্যে।

এই নজিরবিহীন পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের সংযুক্ত চালক মঞ্চের সম্পাদক প্রসন্ন প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাহাড়ের চালকদের জীবিকা রক্ষার্থে তারা এই সিদ্ধান্ত থেকে সরছেন না। অন্যদিকে, সমতলের চালকরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এই নির্দেশকে সম্পূর্ণ অবৈধ বলে উড়িয়ে দিয়েছেন। আসন্ন পুজো মরসুমের ঠিক আগে এই সংঘাতে পাহাড়ের পর্যটন মানচিত্র নতুন করে বড় সংকটের মুখে পড়েছে। পুরো বিষয়টি নিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ মন্তব্য করতে অস্বীকার করলেও, রাজ্য পরিবহন মন্ত্রী ও প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি পাঠিয়েছে ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক। পুজোর আগে এই প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান না হলে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *