পুজোর মুখে বড় ধাক্কা! ১৩ দিন ধরে বাতিল হাওড়া ও শিয়ালদার বহু এক্সপ্রেস ট্রেন! – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোর ঠিক আগে বড় ধাক্কা খেলেন যাত্রীরা। পূর্ব মধ্য রেলওয়ের সোনাপুর ও দানাপুর ডিভিশনে অবকাঠামোগত উন্নয়ন ও নন-ইন্টারলকিং কাজের জেরে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ১৩ দিন একগুচ্ছ ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনকর গ্রাম সিমারিয়া, বারাউনি এবং রাজেন্দ্র পুল স্টেশনে নতুন ব্রিজের সংযোগ সংক্রান্ত এই কাজের ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে চলেছে।
এই মেগা ব্লকের কারণে হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত তালিকার মধ্যে রয়েছে হাওড়া-পাটনা সুপারফাস্ট স্পেশাল, হাওড়া-মোকামা এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং কলকাতা-গাজীপুর সিটি এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলি। ফলে উৎসবের মরসুমের ঠিক আগে যাত্রীদের ভোগান্তি এড়াতে রেলের প্রকাশিত নির্দিষ্ট তারিখের তালিকা দেখে তবেই যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
