পুজোর মুখেই জরুরি বার্তা! ১২ ঘণ্টার জন্য বন্ধ সেনার বেইলি ব্রিজ, কীভাবে যাবেন মিরিক? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20265:33 am
টানা বর্ষণে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার মূল হিউম পাইপ সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর, হালকা গাড়ি ও পর্যটকদের যাতায়াতের প্রধান ভরসা হয়ে উঠেছিল ভারতীয় সেনাবাহিনীর তৈরি ২০০ ফুটের অস্থায়ী বেইলি ব্রিজটি। তবে নিরাপত্তার স্বার্থে এবার সেই সেতুটিতেও জরুরি রক্ষণাবেক্ষণ শুরু হতে চলেছে।
আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই সেতু দিয়ে সমস্ত ধরনের অসামরিক যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোর ইঞ্জিনিয়ারিং শাখার সুপারিশক্রমেই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত ৯ জুলাই সেতুটি চালু হওয়ার পর থেকে অবিরাম যানবাহন চলাচলের কারণে এটি পূর্ণাঙ্গ মেরামতি দাবি করছিল। সেনার তরফে জানানো হয়েছে, আবহাওয়া বা অন্য কোনো কারণে ১৫ তারিখ কাজ শেষ না করা গেলে, বিকল্প হিসেবে ১৭ সেপ্টেম্বর একই সময়ে সেতুটি বন্ধ রেখে কাজ সম্পন্ন করা হবে।
সাধারণ মানুষ ও পর্যটকদের সুবিধার্থে নির্ধারিত বিকল্প রুট:
- ছোট ও যাত্রীবাহী গাড়ির জন্য: শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য মাটিগাড়া বা শুকনা হয়ে শিবখোলা-রংটং রুট ধরে কার্শিয়াংয়ের পাঙ্খাবাড়ি রোড ও লংভিউ হয়ে যাতায়াত করা যাবে। এছাড়া বিকল্প পথ হিসেবে জলঘাটা রোড ব্যবহার করেও মিরিক পৌঁছানো সম্ভব।
- ভারী ও পণ্যবাহী যানবাহনের জন্য: পণ্যবাহী ও ভারী যানগুলিকে সরাসরি রোহিণী রোড কিংবা কার্শিয়াং রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পনিকর জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেনার এই রক্ষণাবেক্ষণমূলক পদক্ষেপ। যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প পথগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সামনেই উৎসবের মরশুম হওয়ায় সাময়িক কিছুটা ব্যাঘাত ঘটলেও, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছেন স্থানীয় ট্যুর অপারেটররা।
