লেটেস্ট নিউজ

পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে বিজেপিকে চাপে ফেললেন জিতনরাম মাঝি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ১৬ মার্চের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বিহারের রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) প্রধান জিতনরাম মাঝি এবার সরাসরি একটি আসনের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেওয়া বিজেপির ‘পুরনো প্রতিশ্রুতি’ মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, এনডিএ-র শরিক হিসেবে তাঁদের একটি রাজ্যসভা আসন পাওনা রয়েছে।

বিজেপিকে মাঝির হুঁশিয়ারি

গয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঝি দাবি করেন, নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে দুটি লোকসভা এবং একটি রাজ্যসভা আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র একটি লোকসভা আসন দেওয়া হয়। মাঝি বলেন, “আমি কোনো ভিক্ষা চাইছি না, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের অন্তত একটি রাজ্যসভা আসন পাওয়া উচিত।”

এক নজরে বিহারের নির্বাচনী অঙ্ক

  • ভোটের তারিখ: ১৬ মার্চ।
  • শূন্য আসন: হারিবংশ নারায়ণ সিং ও রামনাথ ঠাকুর (জেডিইউ), প্রেমচাঁদ গুপ্ত ও অমরেন্দ্র ধারি সিং (আরজেডি) এবং উপেন্দ্র কুশওয়াহার (আরএলএম) মেয়াদ শেষ হওয়ায় ৫টি আসন খালি হচ্ছে।
  • মনোনয়নের শেষ দিন: ৫ মার্চ।
  • এনডিএ-র অবস্থান: বিজেপি বা এনডিএ এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি, যার ফলে মাঝির এই দাবি জোটের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে।

অন্যদিকে, বিরোধী মহাজোটের অবস্থা বেশ শোচনীয়। রাজ্যসভার একটি আসন নিশ্চিত করতে আরজেডি নেতৃত্বাধীন জোটের হাতে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নেই। জেতার জন্য তাদের আসাদউদ্দিন ওয়াইসির মিম (AIMIM) এবং বিএসপি-র সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে মাঝির এই হঠাৎ বেঁকে বসা বিহারের এনডিএ শিবিরের সমীকরণ বদলে দিতে পারে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *