পুরনো বোতল আর খালি কৌটো জমিয়ে রাখার অভ্যাস কি মানসিক সংকটের ইঙ্গিত! – এবেলা

পুরনো বোতল আর খালি কৌটো জমিয়ে রাখার অভ্যাস কি মানসিক সংকটের ইঙ্গিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

সস, তেল বা প্রসাধনী শেষ হয়ে যাওয়ার পর খালি বোতল ও কৌটো ফেলে দিতে মন চায় না অনেকেরই। ‘ভবিষ্যতে কোনো না কোনোদিন কাজে লাগতে পারে’—এমন ভাবনা থেকে দিনের পর দিন ব্যবহৃত জিনিসপত্র জমিয়ে রাখার প্রবণতা দেখা যায় বহু মানুষের মধ্যে। আপাতদৃষ্টিতে একে সাধারণ বা গৃহিণীদের একটি সাধারণ মিতব্যয়ী অভ্যাস মনে হলেও, মনোবিদদের মতে এর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর মনস্তাত্ত্বিক কারণ।

জমানোর অভ্যাসের মনস্তাত্ত্বিক কারণ

মনোবিজ্ঞানীদের মতে, এই ধরনের অভ্যাস সরাসরি কোনো মানসিক রোগ না হলেও এটি মূলত ‘লস অ্যাভারশন থিওরি’ বা ক্ষতি এড়ানোর মানসিকতার বহিঃপ্রকাশ। মানুষ নতুন কোনো জিনিস পাওয়ার আনন্দের চেয়ে পুরনো বা নিজের মালিকানাধীন জিনিস হারানোর ভয়ে বেশি ভোগে। ফলে তারা কাল্পনিক মানসিক শান্তির খোঁজে পুরনো জিনিস আঁকড়ে ধরে রাখে।

শৈশবের দারিদ্র্য বা ‘স্কার্সিটি মাইন্ডসেট’-ও এই আচরণের জন্য দায়ী হতে পারে। যারা ছোটবেলায় অভাবের মধ্য দিয়ে বড় হন, তারা ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে তীব্র নিরাপত্তাহীনতায় ভোগেন এবং কোনো কিছুই সহজে ফেলতে চান না। এছাড়া ‘এন্ডোমেন্ট এফেক্ট’-এর কারণে অনেকে সব অবাস্তব জিনিসকেও মূল্যবান মনে করেন। একাকিত্ব, মানসিক অলসতা এবং সোশ্যাল মিডিয়ার রিলস দেখে জিনিস পুনর্ব্যবহারের পরিকল্পনা করেও তা বাস্তবায়নে ব্যর্থ হওয়া এই প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে।

ভবিষ্যৎ প্রভাব ও বিশেষজ্ঞদের সতর্কতা

এই অভ্যাসের ফলে কেবল নষ্ট চার্জার, ছেঁড়া শপিং ব্যাগ বা খালি কৌটো জমে ঘর আবর্জনার স্তূপে পরিণত হয় না, বরং তা পারিবারিক অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই মানসিকতা দীর্ঘস্থায়ী হলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং ঘর নোংরা থাকার কারণে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখলে তা নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। তাই মানসিক সুস্থতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এই অভ্যাস দ্রুত ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *