পুরভোটের আগেই রাজ্যে শুরু ৩ দিনের ‘সেবা সেতু’ ক্যাম্প, অন্নপূর্ণা সহ ২০টি প্রকল্পের সুবিধা মিলবে কোথায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন পুরসভা নির্বাচনের আগেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়াতে শুক্রবার ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ জনকল্যাণ শিবির ‘সেবা সেতু অভিযান’। পূর্বতন সরকারের দুয়ারে সরকার শিবিরের ধাঁচেই এই ক্যাম্পগুলি পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত ব্লকে এই শিবির চলবে। কলকাতায় প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই বিশেষ শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, কিষাণ ক্রেডিট কার্ড ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে আবেদনের সুযোগ থাকছে। সাধারণ মানুষের সুবিধার্থে শিবিরগুলিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি একাধিক ব্যাঙ্কের কাউন্টারও খোলা থাকবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের ক্ষেত্রে উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি পুলিশি নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনও ভোগান্তি ছাড়াই সুষ্ঠুভাবে সমস্ত সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে।
