পুরসভার ভুয়ো অফিসার সেজে বৈশালী ডালমিয়ার সাথে লক্ষাধিক টাকার প্রতারণা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বেহালা থানা এলাকার একটি বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্স মেটানোর নাম করে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা তথা প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে প্রণব কয়াল ও তার সহযোগীরা বৈশালীর কাছ থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মিউটেশন বা ট্যাক্সের কোনো বৈধ নথি না মেলায় এবং অভিযুক্তদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গত ১৫ জুন থানায় অভিযোগ দায়ের করেন বৈশালী।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে সামসুদ্দিন জমাদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রতারণার এই ঘটনায় মূল অভিযুক্ত প্রণব কয়ালসহ আরও দুই সহযোগীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই চক্রের পেছনে বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
